নন্দীগ্রাম-শেরপুর আঞ্চলিক মহাসড়কটি এ অঞ্চলের মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ২৬ কোটি টাকা ব্যয়ে চলমান উন্নয়ন কাজ শেষ হলে নন্দীগ্রাম ও শেরপুরের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে নন্দীগ্রাম পৌর এলাকার কৈগাড়ী মোড়ে ২৬ কোটি টাকা ব্যয়ে নন্দীগ্রাম-শেরপুর সড়কের উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি।

সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পে প্রায় ৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, শক্তিশালীকরণ, সারফেসিং ও রিজিড পেভমেন্ট নির্মাণ করা হবে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল, ফলে পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। উদ্বোধন শেষে সংসদ সদস্য স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক, উপসহকারী প্রকৌশলী নূর আহমেদ, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ কে আজাদ, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী এবং নন্দীগ্রাম কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২৬ কোটি টাকা ব্যয়ে নন্দীগ্রাম-শেরপুর আঞ্চলিক মহাসড়কের প্রায় ৬ কিলোমিটার অংশের উন্নয়ন ও সংস্কার কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ হাই-টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মাধ্যমে বাস্তবায়ন করছে সড়ক বিভাগ বগুড়া।