​ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান। গতকাল মঙ্গলবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
​
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মতিনুর রহমান যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত পরিচিত মুখ। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছেন। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একজন অভিজ্ঞ এবং নীতিবান শিক্ষক হিসেবে তার বিশেষ সুনাম রয়েছে।

​নতুন উপাচার্য নিয়োগের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ শিক্ষার্থীরা আশা প্রকাশ করছেন যে, তার মেধা ও অভিজ্ঞতার ছোঁয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতাগুলো নিরসন হবে।