খুলনা নগরীর হোটেল ক্যাসেল সালামে ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত আজ শুক্রবার ১৫ মে সকালে ২দিন ব্যাপী “শিশু আইন ২০১৩-কার্যকর বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস, এম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব, আইন ও বিচার বিভাগ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী, সিনিয়র জেলা ও দায়রা জজ, খুলনা।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বলেন, শিশু ও কিশোরদের অধিকার সংরক্ষণ এবং তাদের প্রতি মানবিক ও শিশুবান্ধব আচরণ নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
তিনি জানান, কেএমপি’র প্রতিটি থানায় নারী ও শিশু ডেস্ক এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে শিশুদের বিষয়ে বিশেষ গুরুত্ব সহকারে কার্যক্রমসমূহ পরিচালনা করা হচ্ছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তারা শিশু ও কিশোর সংশ্লিষ্ট বিষয়ে আরও দক্ষতা, সংবেদনশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্বসমূহ সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু শামীম আজাদ, সিনিয়র জেলা ও দায়রা জজ, নারায়ণগঞ্জ জেলা, জনাব অনিন্দিতা রায়, পরিচালক (উপসচিব) বিভাগীয় সমাজসেবা কার্যালয়, খুলনা, জনাব সাইফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার জাস্টিস ফর চিল্ড্রেন এসএআরসি প্রকল্প-সহ খুলনাস্থ বিভিন্ন সরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারাগণ।