ভারতের বিভিন্ন রাজ্যসহ বিশ্বের নানা দেশে মুসলিমদের ওপর চলমান নির্যাতন, মসজিদ-মাদ্রাসা ও মাজার ভাঙচুর এবং ভারতীয় সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর দুপুর ৩টার দিকে শহরের জিআরপি চত্বরে শত শত ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। সৈয়দপুরের সর্বস্তরের মুসলিম সুন্নী জনতার আয়োজনে এবং ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, সৈয়দপুর এর সহযোগিতায় কর্মসূচিটি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের জিআরপি মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জিআরপি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদেরী জিলানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মো. শাহরিয়ার।

এসময় বক্তব্য রাখেন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক মুফতি হামিদ জামাল আশরাফী, মুফতি শাহজাদা আশরাফী, মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মুফতি আবুল কালাম আজাদ, হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুবদলের আহ্বায়ক তারিক আজিজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা ভারতীয় সীমান্তে একের পর এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তারা বলেন, সীমান্ত হত্যা বন্ধে সরকারের পক্ষ থেকে কার্যকর ও দৃশ্যমান প্রতিবাদ দেখা যাচ্ছে না। একইসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামসহ বিভিন্ন অঞ্চলে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান তারা।