জনগণের দোরগোড়ায় আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা পৌঁছে দিতে কুষ্টিয়ায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘ভূমিসেবা মেলা-২০২৬’। এ উপলক্ষে রবিবার (১৭ মে) দুপুর ১২টা ১৫ মিনিটে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভূমি মন্ত্রণালয় ভূমিসেবা সহজীকরণ ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন বলে জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ বলেন, মেলায় নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের অনলাইন ও সরাসরি ভূমিসেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd পোর্টালে নিবন্ধন, অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের চেক বিতরণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি সরবরাহ, মৌজা ম্যাপ ডাকযোগে প্রদানসহ নানা সেবা।
এছাড়াও মেলায় সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে অভিজ্ঞ কর্মকর্তাদের মাধ্যমে বিশেষ সেবা বুথ পরিচালনা করা হবে। অর্পিত সম্পত্তি ও চান্দিনা ভিটির লিজ নবায়ন, খাস জমি বন্দোবস্তের আবেদন গ্রহণ এবং ভূমিসেবা বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থাও থাকবে।
জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান “কুষ্টিয়ার সকল শ্রেণি-পেশার মানুষকে ভূমিসেবা মেলায় অংশ নিয়ে ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে জানার এবং প্রয়োজনীয় সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।