কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অগ্রাধিকার প্রকল্প “সারা দেশব্যাপী নদী-নালা-খাল, জলধারা খনন ও পুনঃখনন” কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিল্লুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রিজিবুল ইসলাম , খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে’র সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, খোকসা উপজেলা সাবেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটে থাকায় স্থানীয় কৃষি, পানি নিষ্কাশন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান বলেন,দেশের নদী-নালা ও খালগুলো আমাদের প্রাণ। এগুলো রক্ষা করা গেলে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষিত থাকবে। সরকারের এই কর্মসূচি শুধু খাল খননের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জনসম্পৃক্ত উন্নয়নের একটি বড় উদ্যোগ। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আমরা একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন,খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমবে, কৃষকরা সেচ সুবিধা পাবে এবং বর্ষা মৌসুমে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে। স্থানীয় জনগণ এগিয়ে এলে এ ধরনের উন্নয়ন কার্যক্রম আরও সফল হবে।
অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিমুলিয়া খালের পুনঃখনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।