ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর শুক্রবার দুপুর ১:৪৫ ঘটিকার সময় শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের সামনে হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এঘটনায় এনসিপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদের সঙ্গে কথা বলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এসময় হঠাৎ করেই কিছু ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ্য করে ডিম ও পরে ইট-পাটকেল নিক্ষেপ করে। এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে লক্ষ্য করে কিল-ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে জানা গেছে।