সৈয়দপুর বিমানবন্দরটি দ্রুত আন্তর্জাতিক মানের করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (২৪ মে) বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত শহীদ ডাক্তার জিকরুল হক সড়কের প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আয়োজিত ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি আক্তার, যুব নেতা তারিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন সৈয়দপুর কারখানা শাখার সভাপতি আখতারুল ইসলাম, ব্যবসায়ী সমসের উদ্দিন, দুলাল হোসেন, যুব আন্দোলনের সভাপতি সাব্বির হোসেন ও সচেতন যুব সমাজের সদস্য সচিব পিয়ারুল ইসলাম প্রমুখ।

ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী।

বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী একজন তরুণ ও ন্যায় পরায়ন নেতা। আমরা আশা করছি সৈয়দপুরের গুরুত্ব বিবেচনা করে তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরকে প্রাধান্য দিয়ে দ্রুত আন্তর্জাতিক করার ব্যবস্থা নিবেন।

আমরা ঠাকুরগাঁও বা বগুড়ায় বিমানবন্দর হওয়ার বিপক্ষে নই। তবে সার্বিক দিক বিবেচনা করে সৈয়দপুরকে আগে আন্তর্জাতিক মানে উন্নীত করার পর অন্যগুলো করবেন। এ বিষয়ে অল্প দিনের মধ্যেই সৈয়দপুরের সর্বস্তরের মানুষের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করা হবে বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।