বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।আজ বৃহস্পতিবার (২৮ মে) পূর্ব রামপুরায় ঈদের নামাজ শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আনন্দ ও ত্যাগের সঙ্গে যেন দিনটি উদযাপন করে।
এবং নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র বসবাসরত মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
ত্যাগ, কুরবানি ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়ে প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে পবিত্র ঈদুল আযহা। হযরত ইবরাহিম (আ.)-এর অনন্য আত্মত্যাগ ও আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের মহিমান্বিত আদর্শ মানবজাতিকে শেখায় নিজের স্বার্থ, অহংকার ও পার্থিব মোহ ত্যাগ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা।
কুরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু কুরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আমাদের হৃদয়ের হিংসা, বিদ্বেষ, লোভ, অহমিকা ও অন্যায় আকাঙ্ক্ষাকে বিসর্জন দেওয়ার আহ্বান জানায়।
দীর্ঘ দেড় দশক ধরে এদেশের গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিবাদী নিপীড়ন ও ভয়ের রাজনীতির কারণে ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত ছিলেন। শত শত শহিদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছি। তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
আসুন, এই ঈদে আমরা শহিদ পরিবার, আহত সংগ্রামী ভাইবোন এবং সমাজের অসহায়, দরিদ্র, বঞ্চিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। কুরবানির আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই ঈদের প্রকৃত সৌন্দর্য উপভোগের চেষ্টা করি।
পরিবার পরিজনের সান্নিধ্য থেকে দূরে থেকে প্রবাসে কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখা আমাদের প্রবাসী ভাইবোনদের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। মহান আল্লাহ তাদের সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ দান করুন।
আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাওয়ার পথে এবারও অনেকে চরম ভোগান্তির শিকার হয়েছেন। বিশেষ করে উত্তরবঙ্গের যাত্রীদের দীর্ঘ সময় তীব্র যানজটে আটকে থাকতে হয়েছে। যাত্রাপথে নাগরিকদের দুর্ভোগ কমাতে সরকারের ব্যবস্থাপনা মোটেও সন্তোষজনক ছিল না। ঈদ শেষে সবার নিরাপদে কর্মস্থলে ফিরে আসা কামনা করি।
এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহকে শান্তি, সমৃদ্ধি, ঐক্য, ন্যায় ও কল্যাণে পরিপূর্ণ করেন।