বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে তাঁর আদর্শকে মুছে ফেলা যায়নি। জীবিত জিয়ার চেয়েও শহীদ জিয়া আজ অনেক বেশি শক্তিশালী।
শনিবার নাটোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হলেও দলটি আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। তিনি বিএনপির আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বক্তব্য দেন। তিনি স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে জিয়াউর রহমানের ভূমিকা ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।