বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক খান জাহান আলী (র:) মাজার-সংলগ্ন দিঘির ঘাট থেকে সাত বছর বয়সি এক শিশুকে নিয়ে গেছে কুমির।

গতকাল সোমবার ০১ জুন ,রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ফাতেমা নামে ওই শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে ফাতেমা মাজারের দিঘির মহিলা ঘাটে গোসল করতে নামলে দিঘিতে থাকা একটি কুমির তাকে কামড়ে ধরে পানির নিচে নিয়ে যায়।

শিশুটির চিৎকার শুনে মাজার এলাকায় থাকা স্থানীয় লোকজন দ্রুত নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান।

বিনা বেগম নামে এক নারী বলেন, আমি দেখেছি বাচ্চাটা মহিলা ঘাটে গোসল করতে গিয়েছে। আমি পাশেই ছিলাম, কিন্তু বুঝতে পারিনি পানির নিচে কুমির এসেছে। বাচ্চাটি এক সিঁড়ি নামলেই কুমিরে ওর মাজা ধরে কামড় দিয়ে নিয়ে যাওয়ার সময় দুই হাত তুলে একবার চিৎকার দিয়েছিল। তারপরে আমি সেখানে যেতেই কুমিরে পানির নিচে নিয়ে চলে যায়।

ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. বেল্লাল হোসেন বলেন, অভিযান চলমান রয়েছে, স্থানীয় লোক, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসক, পুলিশ উদ্ধারকাজ পরিচালনা করছে। এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।

রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।