গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এমপি বলেছেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ধরণের অনিয়ম বা গাফলতি বরদাশ করা হবে না। উন্নয়নের নির্মাণ কাজে কোনো ধরণের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গুরুত্বপূর্ণ চারটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম ফখরুল হোসাইন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাকসুদুর রহমান মিন্টুসহ সরকারী কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিনি ঠিকাদার ও প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, আপনারা উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখবেন। সড়কের কাজে টেকসই ও মানসম্মত সামগ্রী ব্যবহার করতে হবে, যাতে অল্প দিনেই রাস্তা নষ্ট না হয়ে যায়। এসময় সড়কের উন্নয়ন কাজ চলাকালীন সাধারন মানুষের যেন দীর্ঘমেয়াদী সমস্যা না হয়, সেদিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার তাগিদ দেন তিনি।
উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় প্রায় ৭ কোটি ৩৩ লক্ষ টাকা ব্যয়ে চারটি সড়কের ৫ দশমিক ১২০ কিলোমিটার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এমপি।
এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গাজীপুর পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে উপজেলা ফুলবাড়ীয়া ইউনিয়নের মজিদচালা এলাকায় ১ দশমিক ৪৬০ কিলোমিটার মজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়-গোয়ালবাইদ সড়ক, একই ইউনিয়নের বাশাকৈর কেএনবি বাজার এলাকায় ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে আরএন্ডএইচ কে, এন বি পাড়া-বাশাকৈর জিপিএস ভায়া জাবেদ আলী উচ্চ বিদ্যালয় পর্যন্ত ১ কিলোমিটার সড়ক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর অধীনে প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে উপজেলার মৌচাক ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় ১ দশমিক ১৬০ কিলোমিটার এনএইচডব্লিউ সামসুদ্দিন স্পিনিং মিলস্ টু কাশিমপুর ইউনিয়ন বর্ডার ভায়া ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ সড়ক ও উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কুশলনাথ এলাকায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে বারেক মার্কেট-শৈলাখালী ভায়া কুশলনাথ ১ দশমিক ৫০০ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।