সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক, ঐক্য ও সৌহার্দ্যে এগিয়ে যাক বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর তানোরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের জনগোষ্ঠীর সাথে এমপি অধ্যাপক মুজিবুর রহমান মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকেল ৫টায় তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী–১ (তানোর–গোদাগাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, “ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। এদেশ সম্প্রীতির দেশ। নানা ধর্মের মানুষ এক গ্রামে সম্প্রীতি নিয়ে বসবাস করে থাকে। বিশেষ করে এসব এলাকায় সৌহার্দ্য সম্প্রীতির এক জলন্ত দৃষ্টান্ত।
সবাই আমরা একসাথে শান্তিপূর্ন ভাবে যুগযুগ ধরে বসবাস করে আসছে। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। এপরিচয় আমাদের সবচেয়ে বড় পরিচয়। এপরিচয়ের জন্য এদেশে ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা নেই। কোন ধর্মে অন্যায়ের কথা বলা নেই। সব ধর্মে মানবিকতার কথা বলা আছে। আমরা এই সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে যেন আজীবন বসবাস করতে পারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার নায়েবে আমীর জনাব মইনুল হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ উপজেলা আমীর মাওলানা মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তানোর উপজেলা শাখার সেক্রেটারি দেবানন্দ বর্মন এবং হিন্দু আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক পরিষদ, তানোর উপজেলার সভাপতি দর্শনার্থ দাস।
সভায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন এবং পারস্পরিক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য, শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়নমূলক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় জামায়াতের নেতৃবৃন্দ ও বিভিন্ন ধর্মের জনসাধারণ উপস্থিত ছিলেন।