নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক নারীকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক জব্দ করে তা ধ্বংস করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার ফরিজ উদ্দিনের স্ত্রী মোছা. সাজিদা নামে এক নারীকে ভেজাল কীটনাশক প্রস্তুতের সময় হাতেনাতে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন এবং সৈয়দপুর থানা পুলিশের সদস্যরা।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩৫০ কেজি প্যাকেটজাত এবং ৪০০ কেজি খোলা অবস্থায় থাকা ভেজাল কীটনাশকসহ মোট ৭৫০ কেজি ভেজাল কীটনাশক জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব ভেজাল কৃষি উপকরণ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত মোছা. সাজিদাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ জানান, ভেজাল কীটনাশক ব্যবহারের ফলে ফসলের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট হয় এবং পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ে। কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মোঃ জহুরুল ইসলাম খোকন