ঝিনাইদহে প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার ঝিনাইদহ সদরের চুটলিয়া মোড় এলাকা, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, ঝিনাইদহ (ম্যাটর্স), শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকায় প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন তারা। পরিদর্শন প্রতিনিধি দলে ছিলেন পরিদর্শন টিম স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মাজহারুল ইসলাম, সদস্য সচিব উপল সীজার, মন্ত্রণালয়ের প্রতিনিধি সঞ্জীব, সিনিয়র সহকারী সচিব ও ফরিদপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল দিলরুবা জেবা।

এ সময় পরিদর্শন প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ্যাড. আব্দুল মজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সোহেল খান। সম্ভাব্য স্থানও ঘুরে দেখেন এবং সেখানে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের উপযোগিতা সম্পর্কে প্রাথমিক ধারণা নেন।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলার প্রায় ২২ লাখ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি জেলা শহরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা। এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলার সুশীল সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি, সমাবেশ এবং প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। ঝিনাইদহ শহর হতে যশোর মেডিকেল কলেজের দূরত্ব ৫০ কিঃমিঃ, কুষ্টিয়া মেডিকেল কলেজের দূরত্ব ৪৭ কিঃমিঃ।

প্রস্তাবিত ঝিনাইদহ মেডিকেল কলেজ টি ঝিনাইদহ সদরে হলে ছয়টি উপজেলার মানুষ সমানভাবে উপকৃত হবে, পাশাপাশী চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার মানুষ উপকৃত হবে এবং জেলা শহরের সাথে বাকী উপজেলার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় রোগী পরিবহন সহজ হবে।