ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে সৈয়দপুরে কৃষি শ্রমিকদের মাঝে ও বইছে আনন্দের বন্যা। সৈয়দপুর ছাড়াও নীলফামারী জেলা শহর ও ইউনিয়নের পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়েছে এ আনন্দ উম্মাদনা। তর্ক-বিতর্কে জমে উঠেছে চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের প্রিয় দল ফাইনালে উঠলে খাওয়ানো হবে গর। দলের পতাকায় মোড়ানো হয়েছে দোকানপাট, বাড়িঘর।
অনেকে গায়ে পরেছেন প্রিয় দলের পতাকা। দলের পতাকা নিয়ে হচ্ছে মিছিল।গতকাল শুক্রবার বিকেলে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল খেলার আনন্দ ও উম্মাদনা নিয়ে ব্যতিক্রম চিত্র দেখা গেছে সৈয়দপুরের গ্রামীণ জনপদে। এখানকার একদল কৃষি শ্রমিক ব্রাজিল দলের জার্সি ও গেঞ্জি পড়ে মাঠে কাজ করছেন ধানের চাঁড়া রোপনের।
উপজেলার বাঙালিপুর ও কামারপুকুর ইউনিয়নের একদল কৃষি শ্রমিক ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল খেলায় প্রেমে পড়েন ব্রাজিল দলের। তারা নিজেরা শলাপরামর্শ করে ১৫ জন ১৫টি জার্সি কিনেন। কৃষি কাজ করার সময় এ জার্সি ও গেঞ্জি পড়ে কাজ করছেন। যা অনেকেরই নজরে এসেছে। প্রিয় দল ব্রাজিল চাম্পিয়ন হলে তারা বড় ধরনের উৎসব পালন করবেন এমনটি জানিয়েছেন দলনেতা ব্রাজিল সমর্থক শ্রমিক দলের দলনেতা মোকছেদুল ইসলাম।
১৫ সদস্যের এই দলে রয়েছেন আব্দুল কাদের (৩৫), সাজু হোসেন (৩৬), আইনুল হক (৩২), সাহানুর রহমান (৩৪), সালেক (২৯), রাশেদ (৩১), আতাউর রহমান (২৭), মোকছেদুল-২ (৩৫), আকতারুল ইসলাম (২৬), আব্দুল লতিফ (৩৫), রুহুল আমিন (৩০), হালিম (২৯), আনিস (৩৫) ও মোসাদ্দেক (৩৬)। এদের সকলের বাড়ি কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ায় ও বাঙালিপুর ইউনিয়নের কোরাণীপাড়া । সকলেই প্রায় বিবাহিত এবং তাদের কারো কারো দু’ একজন করে সন্তানও রয়েছে।
শ্রমিক আব্দুল কাদের জানান, আমাদের মধ্যে দারুণ ঐক্য কাজ করে। মাঠে কাজ করবো এবং একসাথে খেলাও দেখবো টিভিতে। খেলা দেখার জন্য আমাদের থাকবে চা নাস্তার ব্যবস্থাও।
নিজেদের বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলায় না থাকলেও, সমর্থকরা তাদের পছন্দের দেশের বিশাল পতাকা উত্তোলন, বাড়ি রাঙানো, এবং প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে ফুটবলের প্রতি আবেগের এক অনন্য বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। কয়েকবার বিশ্বকাপের ট্রফি জিতে ব্রাজিল ফুটবল ইতিহাসে নিজেদের আলাদা উচ্চতায় নিয়ে গেছে। একারনেই সৈয়দপুরের কৃষি শ্রমিকের ঐক্য ও কাজের আন্তরিকতা অনেককেই মুগ্ধ করেছে।
সৈয়দপুর রেললাইনের ধারে পতাকা তৈরির কারিগর আব্দুল হামিদ জানান, ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার পাশাপাশি জার্মানী, রোমানীয়, ফ্রান্সের পতাকা তৈরি করেছেন। ক্রেতারা তাদের পছন্দমতো পতাকা তৈরি করে নিচ্ছেন। তবে চাহিদার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। এরপর ব্রাজিলের পতাকা। সাইজ অনুযায়ী ও কাজের ধরণ অনুযায়ী ১০০ টাকা থেকে ২০০০ টাকায় পতাকা তৈরি করছেন বলে জানান তিনি।