রাজশাহীর তানোর উপজেলায় এক বছর ছয় মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই সাথে জড়িত ধর্ষকের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ জুন সকালে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মা স্থানীয় একটি বাড়িতে কাজ করতে গেলে তাঁর সঙ্গে শিশুকন্যাও ছিল। একপর্যায়ে অভিযুক্ত কিশোর শিশুটিকে খেলাধুলার কথা বলে নিয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খোঁজ নিতে গিয়ে অভিযুক্তের বাড়ির একটি কক্ষে প্রবেশ করেন। সেখানে শিশুটিকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা ১০ জুন তানোর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “শিশুধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।