কুমিল্লা থেকে এসে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী এলাকায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় একটি পিকআপ ভ্যান ও নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।
বুধবার (১৭ জুন) সকাল ১১ টায় র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এসব তথ্য জানান।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরস্থ র্যাব-১৩, সিপিসি-১ এর একটি আভিযানিক দল ভূল্লী থানার আওতাধীন ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার ডারারপাড় নামক স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেপ্তার হন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর ভল্লাক এলাকার খোরশেদ (৪৫) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামচন্দ্রগড় এলাকার সিরাজ মিয়া (৪০)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পিকআপ চালানোর আড়ালে মাদক পরিবহনের সঙ্গে জড়িত। তারা রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।