খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা নদী খননের মাটি ফেলার কারণে চরম দুর্ভোগে পড়েছেন। ঘরের পেছনে মাটির স্তূপ জমে টয়লেট, রান্নাঘর ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
প্রকল্পের বাসিন্দা তপতি দাস জানান, মাটি চাপা দেওয়ার পর থেকে টয়লেট ব্যবহার ও রান্নাবান্না করতে সমস্যায় পড়তে হচ্ছে। বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। অনেক পরিবার বাইরে অস্থায়ীভাবে রান্না করছেন।
মুন্নি বেগম বলেন,ঘরের পেছনের অংশ, রান্নাঘর ও বাথরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন ধরে নিজেদের উদ্যোগে মাটি সরানোর চেষ্টা করছেন, তবে আর্থিক সংকটের কারণে কাজ এগোচ্ছে না।
উক্ত এলাকার কতিপয় স্থানীয় বাসিন্দারা জিনিউজবিডি24 খুলনা প্রতিনিধি কে জানান, নদী খননের মাটি ফেলার ফলে কিছু ঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে এবং বসবাসের পরিবেশ নষ্ট হয়েছে। বিদ্যুৎ সমস্যার কারণে গরমে শিশু ও বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছেন।
আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন জানান, আশ্রয়ণ প্রকল্পের প্রায় ১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের সহযোগিতায় মাটি অপসারণ ও ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের কাজ শুরু হয়েছে।
গত মঙ্গলবার প্রকল্প এলাকা পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। তিনি বলেন, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর-ভবদহ ও খুলনা অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে চলমান নদী খনন প্রকল্পের মাটি রাখার কারণে বরাতিয়া আশ্রয়ণ প্রকল্পের বেশ কিছু ঘর ক্ষতির মুখে পড়ে। পরে প্রশাসনের উদ্যোগে মাটি অপসারণের কাজ শুরু করা হয়েছে।