নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের তোকিয়া ঢালান এলাকায় নিজ শয়নকক্ষ থেকে এক ওড়নায় ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলেন তোকিয়া ঢালান এলাকার আনোয়ার হোসেনের ছেলে অটোরিকশা চালক রাকিব হোসেন (২৫) এবং একই এলাকার আজিজুল ইসলামের মেয়ে লিজা খাতুন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে রাকিব ও লিজার বিয়ে হয়। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় এক পর্যায়ে তাদের বিচ্ছেদ ঘটে। পরে দুই পরিবারের সমঝোতায় তারা আবার একসঙ্গে সংসার শুরু করেন।

শুক্রবার জুমার নামাজ শেষে রাকিব বাড়ি ফিরে স্ত্রী লিজার সঙ্গে নিজ ঘরে অবস্থান করছিলেন। পরিবারের সদস্যদের দাবি, অভাব-অনটনকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। ওইদিনও তাদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। বিকেলের দিকে দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হলে ঘরের দরজা-জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন, শয়নকক্ষের চালের বাঁশের সঙ্গে একটি ওড়না দিয়ে দুজন ঝুলে আছেন।

খবর পেয়ে নাটোর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। উভয় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।