পবিত্র আশুরা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আজ শনিবার ২০ জুন বেলা ১১টা ৩০ মিনিটে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিষয়াবলী নিয়ে শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয়।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় বলেন,ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বদা সচেষ্ট। আশুরা উপলক্ষে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রেজাউর রহমান, খালিশপুর বাজমে হুসাইনি মুহাররম কমিটির সভাপতি জনাব মোঃ কাওসার আলী, সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহাজাদ হোসেন টেক্কা-সহ শিয়া সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।