ঝিনাইদহ জেলায় প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজটি জেলা শহরে স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, পত্রিকার সম্পাদক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিগণ, ওলামায়ে একরাম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সকল স্তরের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপাধাক্ষ এন এম শাহজালাল।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বন বিভাগের সাবেক কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন- প্রফেসর এম এ ওয়াজেদ, অধ্যক্ষ সাইদুর রহমান, অধ্যক্ষ নাহিদ আক্তার, ঝিনাইদহ মেডিকেল কলেজ-রেললাইন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, ব্যাংকার মসলেম আলী, অধ্যক্ষ সাইদুর রহমান, অধ্যক্ষ মহসিন আলী, এ্যাড. আসাদুজ্জামান, শারমিন সুলতানা, অধ্যক্ষ নারগিস আক্তার, সাংবাদিক আব্দুল সালাম, ব্যবসায়ী আব্দুল জলিল প্রমুখ।

বক্তাগণ বলেন, সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ভূমি, অবকাঠামো ও সহায়ক প্রতিষ্ঠানসমূহ ঝিনাইদহ জেলা শহরে বিদ্যমান রয়েছে। ছয়টি উপজেলার কেন্দ্রস্থল হওয়ায় ঝিনাইদহ সদরের জেলা শহরটি যোগাযোগ ও প্রশাসনিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক অবস্থানে রয়েছে।

বর্তমানে ঝিনাইদহ জেলা শহরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), বিভিন্ন আধুনিক ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক, ফার্মেসি, ওষুধ তৈরীর কারখানা, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, ফিজিওথেরাপি সেন্টারসহ চিকিৎসা শিক্ষার জন্য প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো গড়ে উঠেছে। এছাড়া জাতীয় মহাসড়ক ও বাস টার্মিনালসহ উন্নত যোগাযোগ ব্যবস্থাও বিদ্যমান রয়েছে।

এছাড়া পাওয়ার হাউজ থাকায় বিদ্যুৎ সরবরাহে কোন প্রতিবন্ধকতা হবে না, অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস রয়েছে। প্রস্তাবিত ঝিনাইদহ সরকারি মেডিকেল কলেজ টি ঝিনাইদহ সদরে হলে শহরের সাথে বাকী উপজেলার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় রোগী পরিবহন সহজ হবে। আয়োজকরা বলেন, ঝিনাইদহ জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে ঝিনাইদহ জেলার পাশাপাশি আশপাশের এলাকার (চুয়াডাঙ্গা-মেহেরপুর) মানুষও উন্নত চিকিৎসা ও চিকিৎসা শিক্ষার সুযোগ লাভ করবে।

ঝিনাইদহ সদর হতে যশোর মেডিকেল কলেজের দূরত্ব ৫০ কিঃমিঃ, কুষ্টিয়া মেডিকেল কলেজের দূরত্ব ৪৭ কিঃমিঃ। এ সময় বক্তাগণ আরও বলেন, প্রায় ২২ লাখ মানুষের আবাসস্থল ঝিনাইদহ জেলার চিকিৎসাসেবার মানোন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপন সময়ের দাবি।

এছাড়া এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্যখাতে অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানববন্ধন থেকে দ্রুত ঝিনাইদহ জেলা শহরে প্রস্তাবিত মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বক্তাগণ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বক্তাগন এছাড়া ঝিনাইদহ সদর শহরে রেল লাইন, কৃষি বিশ^বিদ্যালয়, জেলা সকল নদী ও সড়ক সংস্কার ও দৌলতদিয়া পাটুরিয়া সেতু দ্রুত বাস্তবায়নের দাবী জানান। মানববন্ধন অংশগ্রহণকারীরা মেডিকেল কলেজ ঝিনাইদহ সদরে শহর কেন্দ্রীক স্থাপনের দাবিতে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।