আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়রপ্রার্থীদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলীয় যাচাই-বাছাই ও স্থানীয় নেতাকর্মীদের সুপারিশের ভিত্তিতে প্রস্তুত করা তালিকায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার-এর নাম চূড়ান্ত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দেশের ৯টি সিটি করপোরেশনের জন্য সম্ভাব্য মেয়রপ্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা অনুযায়ী ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও গাজীপুরেও প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।

জামায়াতের সম্ভাব্য মেয়রপ্রার্থীদের মধ্যে রয়েছেন—ঢাকা উত্তরে সেলিম উদ্দিন, ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, চট্টগ্রামে শামসুজ্জামান হেলালী, বরিশালে মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে এটিএম আজম খান, ময়মনসিংহে কামরুল আহসান এমরুল, নারায়ণগঞ্জে আবদুল জব্বার এবং গাজীপুরে হাফিজুর রহমান।

তবে রাজশাহী, সিলেট, কুমিল্লা ও বগুড়া সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। এসব সিটির বিষয়ে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে এবং পরবর্তী নির্বাহী পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, স্থানীয় পর্যায় থেকে প্রাপ্ত প্রস্তাবের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

দলীয় সূত্র আরও জানায়, সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় সাংগঠনিক ও জনসম্পৃক্ত কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে আইন সংশোধনের ফলে এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না। রাজনৈতিক মহলের ধারণা, বর্ষা মৌসুম শেষে ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।