কুষ্টিয়া শহরে ভোররাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
রবিবার (২১ জুন )ভোরে শহরের হাউজিং নিশান মোড় এলাকার একটি নির্জন রাস্তায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা যায়, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নবগঠিত (বর্তমানে নিষিদ্ধ) কমিটির সভাপতি মীর অভির নেতৃত্বে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী ওই ঝটিকা মিছিলে অংশ নেন। এ সময় তাদেরকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।
স্থানীয়রা জানান, এর আগেও হাউজিং নিশান মোড় এলাকায় একইভাবে এই নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছিল।
ঝটিকা মিছিলের এই ঘটনার তীব্র সমালোচনা করে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এভাবে প্রকাশ্য ঝটিকা মিছিল করা প্রশাসনের দুর্বলতারই বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, খুব ভোরে একটি নির্জন রাস্তায় তারা এই মিছিলটি বের করে। আমরা রাজনৈতিকভাবে সজাগ আছি। তবে আমরা আশা করি পুলিশ প্রশাসন এ বিষয়ে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
আজ দুপুরে এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিওটি আমাদের নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের তৎপরতার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শহরের জননিরাপত্তা ও নিষিদ্ধ সংগঠনের আকস্মিক এই তৎপরতা রুখতে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক মহল।