বগুড়ার নন্দীগ্রামে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহামুদ লিটন দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (২২ জুন) সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে এসে অনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

গত ১৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে পদায়ন করা হয়। নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহামুদ লিটনকে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এ সময় সহকারী অধ্যাপক ডা. মনোজ্ঞো চিত্রলেখা কুন্ডু, ডা. সামিউল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ আল কবিরসহ মেডিকেল অফিসারবৃন্দ, কর্মরত নার্স ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা উপস্থিত ছিলেন।

এর আগে ডা. ইকবাল মাহামুদ লিটন একই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৩তম বিসিএসের মাধ্যমে মেডিকেল অফিসার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। ডা. লিটন নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

উল্লেখ্য এরপূর্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন ডা. তোফাজ্জল হোসেন মন্ডল। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক হিসেবে সংযুক্তি দেওয়া হয়েছে। তার নিকট থেকেই নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহামুদ লিটন দায়িত্বভার গ্রহণ করেন।