গ্রাহক ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে দেশব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে ওয়ালটন প্লাজা। এরই অংশ হিসেবে বুধবার নাটোর জেলার বিভিন্ন স্থানে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নাটোর সদর উপজেলার করিম মোড় ও মাদ্রাসা মোড় ওয়ালটন প্লাজার উদ্যোগে নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীপুর বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ওয়ালটন পণ্যের গ্রাহকদের পাশাপাশি এলাকার অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে এবং শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান। তারা বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে ওয়ালটন শুধু শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান হিসেবেই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এবং সেই অধিকার নিশ্চিত করতেই ওয়ালটন প্লাজার এ বিশেষ উদ্যোগ।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা নাটোরের ম্যানেজার মো. সোহেল রানা, ওয়ালটন প্লাজা নাটোর মাদ্রাসা মোড়ের ম্যানেজার মো. মামুনার রশিদ, ওয়ালটন প্লাজা বনপাড়ার ম্যানেজার মো. মহিদুল আলম, ওয়ালটন প্লাজা চাঁচকৈড়ের ম্যানেজার মো. বেলাল হোসেন, ওয়ালটন প্লাজা- দয়রামপুর ম্যানেজার মোঃ বাতেন মিয়া , ওয়ালটন প্লাজা লালপুরের ম্যানেজার মো. আফাজ উদ্দিন শিকদারসহ জেলার বিভিন্ন ওয়ালটন প্লাজার কর্মকর্তারা।

ওয়ালটন প্লাজা নাটোরের ম্যানেজার মো. সোহেল রানা বলেন, “ওয়ালটন শুধু পণ্য বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিষ্ঠানটি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ওয়ালটন প্লাজা নাটোর মাদ্রাসা মোড়ের ম্যানেজার মো. মামুনার রশিদ বলেন, “অনেক মানুষ অর্থাভাবে নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই ওয়ালটনের এই উদ্যোগ। আমরা চাই সমাজের পিছিয়ে থাকা মানুষও যেন প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পায়।

তিনি আরও জানান, নাটোর জেলার ৩৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে ওয়ালটন প্লাজার স্বাস্থ্যসেবা চুক্তি রয়েছে। এসব প্রতিষ্ঠানে ওয়ালটনের গ্রাহকরা চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে বিশেষ ছাড় সুবিধা ভোগ করছেন। ফলে গ্রাহকরা পণ্য কেনার পাশাপাশি স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাচ্ছেন।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, জেলার সব ওয়ালটন প্লাজা নিজ নিজ এলাকায় পর্যায়ক্রমে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবে। এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানের এমন মানবিক কর্মকাণ্ড সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক প্রয়োজন। তাই ওয়ালটনের এ ধরনের কার্যক্রম সমাজের অন্যান্য প্রতিষ্ঠানকেও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে।