ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায় মুকুল মল্লিক হত্যা মামলায় তিন আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ (২য়) আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নিহতের স্ত্রী ফিরোজা খাতুন, আলমগীর হোসেন ও বিল্লাল হোসেন। মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে নিখোঁজ হন মুকুল মল্লিক।
পরে ১৩ এপ্রিল হরিণাকুন্ডু থানার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের মা আর্জিনা বেগম বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।