শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং গণঅভ্যুত্থানের শহীদ শ্রমিক ওসমান হাদীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন খবর ২৪ নামে একটি মাধ্যমে আপত্তিকর ও কটূক্তিমূলক ভিডিও বার্তা দেওয়ার অভিযোগে কুষ্টিয়া আদালতে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী ইসতিয়াক আহমেদ (সাবাব) ও বিবাদী প্রতিদিন খবর ২৪ এর স্বত্বাধিকার এস এম আলম হিরু। তিনি কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৭ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে কুষ্টিয়া শহরের মিশন মোড়ে অবস্থানকালে বাদী অভিযুক্তের মোবাইল ফোনে প্রকাশিত একটি ভিডিও বার্তা দেখতে পান। ওই ভিডিওতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণঅভ্যুত্থানের শহীদ শ্রমিক ওসমান হাদীকে নিয়ে অবমাননাকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
বাদীর দাবি, এসব বক্তব্যে তিনি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা মর্মাহত হয়েছেন। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তের বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সামাজিক অস্থিরতা তৈরির আশঙ্কা সৃষ্টি করেছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রথমে থানায় অভিযোগ করতে গেলে আদালতের নির্দেশনা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার বিষয়ে আদালতের সিদ্ধান্ত এবং অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।