সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন প্রধান শিক্ষকের মদ্যপান করে মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত রুহুল আমিনকে শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। গতবৃহস্পতিবার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নিজ কক্ষে বসে মদ্যপান অবস্থায় অসংলগ্ন আচরণ করছেন। এ সময় বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে গেলে তিনি তাদের সামনে আপত্তিকর ভাষায় কথা বলেন। এ ঘটনার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী ওই প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেছেন।

প্রধান শিক্ষক রুহুল আমিন এসময় বলেন,মদ আমি দীর্ঘদিন ধরেই খাই। কেনো কে আপনাদের খবর দিয়েছে। এরপর তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এরপর তিনি বলেন,আপনাদের কাছে মাফও চাই, দোয়াও চাই, আপনারা বসেন। এরপর তিনি সাংবাদিককে জড়িয়ে ধরে সবকিছু ‘ম্যানেজ’ করার চেষ্টাও করেন। পরে তার স্বজনরা এসে তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, ‘রুহুল আমিন স্থানীয়ভাবে প্রভাবশালী। বিদ্যালয়ের পাশেই তাদের বাড়ি। দীর্ঘদিন ধরে তিনি বিদ্যালয়ের কক্ষে বসে মদ্যপান, চিৎকার-চেঁচামেচি ও মাতলামি করে আসছেন। তার প্রভাবের কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কেউ প্রতিবাদ করার সাহস পান না।

শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলাম শেখ জানান, বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের মদ্যপান অবস্থার ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর তাকে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে শোকজ নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।