যশোরে জুলাই গণহত্যা দিবসের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, যশোর জেলা।

শনিবার (৪ জুলাই) বিকেল ৪টার দিকে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়।সমাবেশে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির গোলাম রসুল, জামায়াতের যশোর জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকি, এনসিপি যশোর জেলা প্রধান সমন্বয়ক নুরুজ্জামান, জামায়াত নেতা অধ্যাপক শামসুজ্জামান, গোলাম কুদ্দুস, মনিরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের জন্য বহু মানুষ জীবন দিয়েছেন একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায়। তবে তাদের দাবি, বর্তমান সময়ে মাদক, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এসব সমস্যা নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশ থেকে ১১ দলীয় ঐক্যের নেতারা প্রধানমন্ত্রীর কাছে তিন দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা, শহীদ ওসমান বিন হাদী হত্যার সঙ্গে জড়িতদের দেশে এনে বিচারের আওতায় আনা এবং সংবিধান সংস্কার বিষয়ে জনগণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা।সমাবেশ শেষে একটি গণমিছিল যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এলাকা থেকে শুরু হয়ে যশোর সিভিল কোর্ট হয়ে মনিহার চত্বর পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।