ঝিনাইদহ জেলার সদর সহ ছয়টি উপজেলায় এ বছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও পরিচর্যার কারণে গাছে গাছে ঝুলছে সুস্বাদু ও পুষ্টিকর কাঁঠাল। তবে উৎপাদন বেশি হওয়ায় বাজারে দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও বাগান মালিকরা।

বর্তমানে ছোট আকারের ১টি কাঁঠাল বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩০ টাকায়, মাঝারি আকারের ৫০ টাকা এবং বড় আকারের ৮০-৯০ টাকায়। কৃষকদের দাবি, উৎপাদন, শ্রমিক ও পরিবহন ব্যয় বিবেচনায় বর্তমান দামে লোকসানের আশঙ্কা রয়েছে।

তারা কাঁঠাল সংরক্ষণাগার, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রপ্তানির সুযোগ বৃদ্ধির দাবি জানিয়েছেন। কৃষকদের মতে, আধুনিক সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং কাঁঠাল রপ্তানির নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে।