দেশের উদীয়মান তরুণদের প্রযুক্তিগত উদ্ভাবন, সৃজনশীলতা এবং রোবোটিক্সে দক্ষতা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত যাচ্ছে দেশের অন্যতম উৎসব Robofusion 1.0 । আগামী ৮আগস্ট ২০২৬ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজির (ইউএফটিবি) রোবোটিক্স ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় ওই বিশ^বিদ্যালয়ের সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, Robofusion 1.0 -এর আহ্বায়ক আশিকুচ্ছালেহীন, সদস্য মো. আশরাফুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শহীদুল ইসলাম এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি বৃন্দ। এসময় জানানো হয়, এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে Innovate, Create, Automate। প্রযুক্তি উদ্ভাবন ও রোবোটিক্সে তরুণদের সম্পৃক্ত করতে ইউএফটিবিতে অনুষ্ঠিত হবে Robofusion 1.0 -।

দেশের প্রযুক্তি খাতের এই মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনম স্বপন, বিশেষ অতিথি হিসেবে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান (এমপি), ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (NDM)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি (এমপি)।

এছাড়াও তরুণদের অনুপ্রাণিত করতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় শিক্ষা উদ্যোক্তা। এই উৎসবে অংশ গ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও প্রযুক্তিপ্রেমী তরুণদের এই আয়োজনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়াও দর্শনার্থী হিসেবে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম ও আইডি কার্ডসহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের আহ্বায়ক আশিকুচ্ছালেহীন Robofusion 1.0 – এর বিভিন্ন দিক তুলে ধরে জানান, সারা দেশ থেকে ৫০০-এরও বেশি শিক্ষার্থী, প্রকৌশলী, উদ্ভাবক ও প্রযুক্তি প্রেমীর অংশ গ্রহণের আশা করা হচ্ছে।

প্রতিযোগীদের দক্ষতা ও সৃজনশীলতা যাচাইয়ের জন্য উৎসবটিকে পাঁচটি প্রতিযোগিতামূলক বিভাগে ভাগ করা হয়েছে। বিভাগগুলো হলো- লাইন ফলোয়িং রোবট (Line Following Robot-LFR): নির্ধারিত ট্র্যাকে স্বয়ংক্রিয়ভাবে রোবট পরিচালনার প্রতিযোগিতা, রোবো সকার (Robo Soccer): রোবটের মাধ্যমে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা, বোট রেসিং (Boat Racing): জলপথে রোবোটিক নৌযানের গতিময় প্রতিযোগিতা, প্রজেক্ট শোকেস (Project Showcase): তরুণ উদ্ভাবকদের প্রযুক্তিনির্ভর প্রকল্প ও গবেষণা প্রদর্শনী।

টেকাথন (Techathon): কোডিং, উদ্ভাবনী চিন্তা এবং বাস্তব সমস্যার তাৎক্ষণিক সমাধানভিত্তিক প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিজয়ীদের উৎসাহিত করতে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকারও বেশি পুরস্কার রাখা হয়েছে। যা প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের মধ্যে বিতরণ করা হবে।

তিনি আরো জানান, ইউএফটিবি রোবোটিক্স ক্লাব গত এক বছরে পিসিবি ডিজাইন কর্মশালা, আইওটি বিষয়ক সেমিনার, হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল বিষয়ক নলেজ শেয়ারিং সেশন এবং বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (BIIN)–এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরসহ বিভিন্ন প্রযুক্তিভিত্তিক কার্যক্রম সফলভাবে আয়োজন করেছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় Robofusion 1.0 দেশের তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।