কুড়িগ্রামের উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গায় একটি ব্রীজ ধসে যাওয়ায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে শতাধিক রিক্সা ও অটো রিকশাচালকসহ হাজারো মানুষ। টানা বর্ষণে খালের পানি বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উলিপুর সদর হতে কালিবাড়ি চৌরাস্তা মোড় হয়ে পৌরসভার জোনাইডাঙ্গা গামী পাকা রাস্তার উপর ব্রীজটি জোনাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় যা কালিবাড়ি স্কুল নামে পরিচিত। সেই স্কল হতে মাত্র ৫০ গজ দূরে ব্রীজটির অবস্থান।
ওই এলাকার আব্দুর রহিম ও বাপ্পা জানান, গত মঙ্গলবার হটাৎ করে ব্রিজটির একটি প্রান্ত দেবে যায়। ফলে ওই সময় হতেই বিভিন্ন প্রকারের যানবাহন বিশেষ করে অটো ও অটো রিক্্রা চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে মানুষজন ঝুঁকিপূর্ণ এ ব্রীজের উপর দিয়ে পায়ে হেঁটেই যাতায়াত করছে। জোনাইডাঙ্গা থেকে আশা প্রায় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায় এ পথ দিয়েই যাতায়াত করে থাকে।
উলিপুর হতে বুড়ি তিস্তা নদী হয়ে চিলমারী উপজেলার কাচকোল বাজারে গিয়ে ব্রহ্মপুত্র নদের সাথে সংযোগ দেয়া খালের উপর নির্মিত এ ব্রীজটি যেকোনো মুহূর্তে পানির তোড়ে ভেঙ্গে গিয়ে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ প্রসঙ্গে উলিপুর পৌরসভার সচিব ও নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, উলিপুর পৌরসভায় এটি ছাড়াও আরো দু’টি ব্রীজ অত্যন্ত ঝুকিপূর্ণ। আমরা এ তিনটি ব্রিজের বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে চিঠি পাঠাচ্ছি, বরাদ্দ পেলেই দ্রুত কাজ করা হবে।