খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকার প্রান্তিকা ৩ নম্বর রোড থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন মোড় এসেছে।

গত ৮ জুলাই রাত আনুমানিক ০৯ টার দিকে খুলনা সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘটনার পরপরই ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, আলামত সংগ্রহ এবং বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদসহ তদন্ত অব্যাহত রাখা হয়।

তদন্তের একপর্যায়ে নিহত কিশোরীর বাবা আকাশকে আটক করে পুলিশ। অন্যদিকে, নিহতের মা শিমা আদালতে স্বীকারোক্তি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় পুলিশ ও সিআইডি যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক ভাবে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঘটনাটি নিয়ে খুলনা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।