ফুটবল বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ও ব্রাজিল দুই ভাগে বিভক্ত হয়ে যায় বাংলাদেশের দর্শক। প্রত্যেকেই প্রত্যেকের সমর্থিত দলকে সেরা মনে করে। এ নিয়ে শুরু হয় তর্কবিতর্ক। এই বিষয়টিকে কেন্দ্র করে বিশ্বকাপ উপলক্ষে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’। আরটিভিতে প্রতিদিন রাত ৯টায় এটি প্রচার হচ্ছে। ধারাবাহিকটি রচনা করেছেন আহসান আলমগীর।

পরিচালনা করেছেন আল হাজেন। নাটকের গল্পে দেখা যাবে, আজিজের সঙ্গে একই পাড়ার মেয়ে মানজিলের বিয়ের কথা চলছে। পারিবারিকভাবে মা-বাবার সঙ্গে পাত্রী দেখতে গিয়ে আজিজ জানতে পারে, মানজিল ব্রাজিলের সমর্থক। অথচ আজিজ সমর্থন করে আর্জেন্টিনাকে। দুজন দুই দলের সমর্থক হওয়ায় তাদের বিয়ের কথা আর এগোয় না। সেই থেকে শুরু হয় দুজনের দ্বন্দ্ব।

বিশ্বকাপের সময় আজিজ গঠন করে আর্জেন্টিনা টিম, অন্যদিকে মানজিল গঠন করে ব্রাজিল টিম। একইভাবে মহল্লার মুদিদোকানদার বাপ্পির পছন্দ ফ্রান্স টিম। ফ্রান্সের খেলোয়াড় এমবাপ্পের সঙ্গে নামের কিঞ্চিৎ মিল থাকায় দোকান বিক্রি করে ফ্রান্সের সবচেয়ে বড় পতাকা বানিয়ে রেকর্ড গড়ে ফ্রান্স টিম গঠন করে সে।

মহল্লার অন্য যুবকেরা গঠন করে রোনালদোর দেশ পর্তুগালের নামে ফুটবল টিম। এই চার টিমের মধ্যে আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্ট। বল নিয়ে মাঠে নামার আগেই একদল আরেক দলের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ে। মহল্লাজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান, রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, শারমিন শর্মী, সাদ্দাম মাল, আশরাফুল আলম সোহাগ, মুসকান শিকদার, জাভেদ গাজী, শায়লা, তানভীর মাসুদ, ফাতেমা হীরা প্রমুখ।