খুলনা বিভাগের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল করতে জনতা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বাংলা কিউআর (Bangla QR) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রূপসার কেসিসি মার্কেটস্থ ভাই ভাই স্টোর-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি, এরিয়া অফিস খুলনার উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি, রূপসা শাখা-এর ব্যবস্থাপক মোহাম্মদ জিয়ারুল রহমান।
উদ্বোধনী পর্বে উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেন ভাই ভাই স্টোর থেকে পণ্য ক্রয় করে বাংলা কিউআর-এর মাধ্যমে মূল্য পরিশোধ করেন।
এর মধ্য দিয়ে খুলনা বিভাগে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল খালেক বেপারী-এর হাতে আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর কোড তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।
এ সময় তিনি জনতা ব্যাংক পিএলসি-এর এ আধুনিক উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন আরও সহজ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর হবে।
জনতা ব্যাংক পিএলসি-এর এই উদ্যোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।