এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাসীর উদ্দিন পাটোয়ারী বলেছেন, বিএনপি ভোটের আগে গণভোটে ভোট দিতে বলে এখন ৬৯% জনগণের ভোটের রায় বাস্তবায়ন না করে গাদ্দারি শুরু করেছে।

জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি মেনে নেওয়া হবে না। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মতোই তাদেরকেও বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়।

এসময় সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, এনসিপির তিন কর্মসূচি গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশের সীমান্ত সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা নিতে হবে।

তিনি আজ রোববার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি মোড়ে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

এনসিপির নওগাঁ জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা ও সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির নারী শক্তির আহবায়ক মনিরা শারমীন, যুবশক্তির সদস্য ফরহাদ সোহেল, এনসিপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে পদযাত্রাটি নওগাঁ-নিতপুর, সাপাহার-রহনপুর,গোটাগাড়ি আঞ্চলিক মহাসড়কের সরাইগাছি চারমাথা মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সারাইগাছি মোড়ের বিজয় স্তম্ভে এক সমাবেশে মিলিত হয়।

একইদিন সন্ধ্যায় জেলার নিয়ামতপুর উপজেলা সদরে জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে উপরোক্ত অতিথিরা বক্তব্য দেন।

বক্তারা জনগণের প্রত্যাশা বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়াও তারা বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা ও এদেশে তাদের রাজনীতি করতে দেওয়া হবেনা বলে উল্লেখ করেন। তারা বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াকে হত্যা করেছে।

সুযোগ পেলে তারা তারেক রহমানকে ছাড় দেবেনা। বিএনপিকে আওয়ামীলীগের সাথে তলে তলে নেগেসিয়েশন (আঁতাত) সমঝোতা করে দেশ পরিচালনা না করার জন্য আহবান জানান ও হুঁশিয়ার করে দেন।