ঝিনাইদহের সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে মরমী কবি ও সাধক পাগলা কানাইয়ের ১৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের আয়োজনে রোববার সন্ধ্যায় তাঁর সমাধিস্থলে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তাগণ পাগলা কানাইয়ের জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম সংরক্ষণে গবেষণা এবং সরকারি উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।