শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে কর্মসূচি পালন শেষে রাজধানীর শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর পর সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনের অবস্থান কর্মসূচি শেষ করে সরে যান।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়-সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় নিরাপত্তার স্বার্থে সড়কটি বন্ধ রাখা হয়েছিল। শিক্ষার্থীরা নিজেরাই কর্মসূচি শেষ করে সরে যাওয়ার পর পুলিশ ব্যারিকেড তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
আন্দোলনে শিক্ষার্থীদের বাইরে অন্য কেউ যুক্ত হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ ছাড়া মন্তব্য করা সমীচীন হবে না।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রাখার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।