মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় ঢাকা রোডস্থ পানি উন্নয়ন বোর্ডের পার্কে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্প পুস্তক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মাগুরা পৌরসভা, মাগুরা প্রেসক্লাব, সরকারি কলেজ, পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা ক্রীড়া অফিস, সিভিল সার্জন, ফায়ার সার্ভিসের কার্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ।

পুষ্প স্তবক অর্পণ শেষে শহরের নোমানী ময়দানে মাগুরা জেলা অডিটোরিয়াম জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ,জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলফাজ উদ্দিন।

সভায় বক্তারা বলেন, ছাত্র জনতার কঠোর আন্দোলনের মাঝে এদেশে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। জুলাই শহীদ আন্দোলনে সারা দেশের মতো মাগুরা জেলায়ও ১০ জন শহীদ আত্মহতি দিয়েছেন। তাদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না। শহিদদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

আমরা নতুন বাংলাদেশে স্বপ্নের বীজ বুনতে পারছি। আমরা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, শহিদ পরিবারবর্গ সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই শহীদের আত্বার মাগফেরাত কামনায় বাদ জোহর বিভিন্ন মসজিদে দোয়া এবং মন্দির ও গির্জায় প্রার্থনা করা হবে।