কুষ্টিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে নবনির্মিত ‘জুলাই মনুমেন্ট’ বা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একে একে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।
পুষ্পস্তবক অর্পণ শেষে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মিলনায়তনে ‘জুলাই শহীদ দিবস’-এর তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।