তারুণ্যদীপ্ত নন্দিত নাট্যসংগঠন বটতলা’র নতুন প্রযোজনা ‘যোজনগন্ধা মায়া’র ২য় পর্বের মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে। বদরুজ্জামান আলমগীরের রচনা এবং ইমরান খান মুন্না’র নির্দেশনায় নাটকটির টানা দু’টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে এই পর্বে।

যোজনগন্ধা মায়ার পটভূমি বাংলাদেশের আর পাঁচটা সাধারণ গ্রামের মতোই একটা গ্রাম, লতিপুতি গ্রাম। গ্রামের মানুষের জীবনের একটা বড় জায়গাজুড়ে আছে কুমিরপীরের মাজার। এ নাটকে কুমিরপীরের আধ্যাত্মিকতা জাগতিক, তিনি কৃষকের ভাতের অধিকারের কথা বলেন, তাদেরকে নিজের অধিকার বুঝে নিতে শেখান। কুরুমণি কুমিরপীরের মাজার ঘিরে সর্বপ্রাণের জমিনের অধিকার রক্ষার আরেক লড়াই চালিয়ে যায়; গ্রামের মানুষের কাছে পীরের বাণীর বাহক হয়ে ওঠে সে। কুরুমণির মতো কত নাম না জানা বিপ্লবী মুখ প্রজন্ম থেকে প্রজন্মে মিলে যায় ইলা মিত্র কিংবা প্রীতিলতার মুখে, যারা সংগ্রাম সম্মুখ সারি থেকে করে এসেছে।

প্রজন্মের ব্যবধানে সেই কুরুমণি যখন তার সন্তান জহরকে সময়ের প্রয়োজনে যুদ্ধে সামিল হতে পাঠায় তখন থেকে আজ অবধি কুরুমণি বেঁচে আছে – ছানি পড়া মলিন মুখ, অপেক্ষার প্রহরে। মানুষের আয়ুর শেষ আছে কিন্তু অপেক্ষার শেষ নাই যে। জহরের জন্য যেমন তার মা কুরুমনি অপেক্ষা করে তেমনি অপেক্ষা করে এই জনপদের মানুষ, মুক্তির আশায়। অথচ সত্যিকারের মুক্তি আজো অধরা।

নাটকটির ঘটনাপ্রবাহ মুক্তিযুদ্ধ, শূন্য দশক আর তার ১২০ বছর অতীতের মধ্যে অনায়াসে যাতায়াত করে, কথোপকথন চালায়। নাটকটি নির্দিষ্ট কোনো সময়ের গল্প নয়, এটি আবহমানকালের গল্প। বাঘ আর মহিষের যে লড়াই অনন্তকাল ধরে চলে আসছে আর পরিবর্তনের যে আশা মানুষের মনে সহস্রকাল ধরে জাগরুক, তারই এক ট্র্যাজিক মঞ্চরূপ যোজনগন্ধা মায়া।

পরীক্ষণ থিয়েটার হলে ‘যোজনগন্ধা মায়া’র উদ্বোধনী পর্বের পরপর দু’টি প্রদর্শনীর সংবাদটি আপনার বহুল প্রচারিত/প্রদর্শিত সংবাদপত্র/অনলাইন পত্রিকা/ টেলিভিশনে প্রকাশ/প্রচারের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।

তারিখ- ২০-২১ জুলাই ২০২৬, রোজ – সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ টা । স্থান- পরীক্ষণ থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ।