খুলনার বহুল আলোচিত কিশোরী আরফানা হোসেন নির্জনা হত্যা মামলায় নুতন মোড় এসেছে মায়ের পর এবার আদালতে নিজের মেয়েকে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন বাবা আলীম হোসেন আকাশ।
আজ রোববার ১৯ জুলাই খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মোঃ আসাদুর জামান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল শনিবার ১৮ জুলাই দুপুর আড়াইটার দিকে ডুমুরিয়া উপজেলার বাজার এলাকার একটি দোকান থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও খুলনা সদর থানা পুলিশের যৌথ অভিযানে আলীম হোসেন আকাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন।
এর আগে, গত ১০ জুলাই একই মামলায় নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে মেয়েকে হত্যার দায় স্বীকার করেন। মায়ের পর বাবারও স্বীকারোক্তির মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।
উল্লেখ্য, খুলনা নগরীর আলোচিত এ হত্যাকাণ্ডের পর নির্জনার মরদেহ উদ্ধার হলে ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তদন্তের একপর্যায়ে নিহতের মা ও বাবাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মামলার তদন্ত কার্যক্রম আরও এগিয়ে চলছে।