কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সুমন সরদার (৩০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে গভীর রাতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর তিনি আত্মহত্যা করেছেন।
নিহত সুমন সরদার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার আবজাল সরদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন এবং আর্জেন্টিনা ফুটবল দলের একজন সমর্থক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেন সুমন। খেলা শেষে তারা একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। এতে গভীর রাতে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান বলেন, “নিহত ব্যক্তি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় ভেড়ামারা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।