গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল মিয়া (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিরস্ত্র) মো. নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ১৩ নম্বর শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের খোলা স্থানে মাদক কেনাবেচা হচ্ছে।

খবর পেয়ে রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে তার পরিহিত প্যান্টের ডান পকেট তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেপ্তারকৃত শাকিল মিয়া পশ্চিম সীচা (হাজীপাড়া) এলাকার নুরমোহাম্মদের ছেলে। তিনি এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।

পরে তাকে কঞ্চিবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এসআই মো. নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-৩৪,। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী রুজু করা হয়েছে।

এব্যাপরে এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা আহবায়ক আল শাহাদাতুজ্জামান জিকুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,শাকিল মাদক সহ গ্রেফতার হয়েছে, আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে বহিষ্কার করা হবে।
সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ,গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।