ফিফা বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শেষ হতেই নাটোরের সিংড়ার বিভিন্ন হাট-বাজারে বিশ্বকাপের জার্সি বিক্রি হচ্ছে অবিশ্বাস্য কম দামে। একসময় যে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি বিক্রি হয়েছে ৩০০ থেকে ৮০০ টাকায়, এখন সেই জার্সিই বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকা ও ৫ টাকায়।
সিংড়া পৌর শহরের কয়েকটি অস্থায়ী দোকান ও ফুটপাত ঘুরে দেখা যায়, বিশ্বকাপ উপলক্ষে মজুত রাখা বিপুল পরিমাণ জার্সি বিক্রি না হওয়ায় ব্যবসায়ীরা লোকসান কমাতে নামমাত্র মূল্যে বিক্রি করছেন।আর্জেন্টিনার জার্সি ১০ টাকা এবং ব্রাজিলের জার্সি মাত্র ৫ টাকায় ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপ চলাকালে জার্সির ব্যাপক চাহিদা ছিল। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার পর হঠাৎ করেই ক্রেতা কমে যায়। ফলে গুদামে পড়ে থাকা জার্সি বিক্রি করে অন্তত কিছু টাকা তুলতেই এমন মূল্য নির্ধারণ করা হয়েছে।
ক্রেতাদের কেউ কেউ বলছেন, এত কম দামে জার্সি পাওয়ায় তারা স্মৃতিচিহ্ন হিসেবে কিনছেন। আবার অনেকে শিশুদের জন্যও জার্সি সংগ্রহ করছেন।
স্থানীয়দের মতে, বিশ্বকাপের সময় যে জার্সি নিয়ে ছিল তুমুল উন্মাদনা, সেই জার্সিই এখন প্রায় পানির দামে বিক্রি হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।