কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা।
সোমবার (২০ জুলাই) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১৯ জুলাই) পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে রাত ১০টার দিকে প্রাগপুর বিওপির একটি টহল দল গরুরা বটতলা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩৯ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ৬০০ টাকা।
এরপর রাত ১০টা ২০ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির টহল দল নিচপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে। এসব মাদকের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
একই রাতে রাত সাড়ে ১১টার দিকে চিলমারী বিওপির টহল দল শান্তিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৮ বোতল ভারতীয় মদ, ১২ হাজার ১২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১ হাজার ৩৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এ চালানের আনুমানিক সিজার মূল্য ৪০ লাখ ৭৭ হাজার টাকা।
বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ৪১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।