ময়মনসিংহের হালুয়াঘাটে বসতবাড়ীর চলাচলের রাস্তায় বালুর স্তূপ ফেলে এবং রাজনৈতিক ব্যানারসংবলিত সাইনবোর্ড স্থাপন করে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা নূর মো. উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ধারা আদর্শ ডিগ্রি কলেজে কর্মরত গ্রন্থাগারিক শাহানাজ বেগম।

মঙ্গলবার দুপুরে হালুয়াঘাট প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহানাজ বেগম অভিযোগ করেন, গত ১৪ জুলাই গভীর রাতে নূর মো. উজ্জ্বল ও তার সহযোগীরা তাঁর বাড়ির সংযোগ সড়কে প্রবেশ করে রাজনৈতিক দলের ব্যানার সংবলিত একটি সাইনবোর্ড স্থাপন করেন।

তাঁর দাবি, এলাকাটি একটি আবাসিক এলাকা। সেখানে কোনো রাজনৈতিক দলের কার্যালয় বা বাণিজ্যিক প্রতিষ্ঠান নেই।

শাহানাজ বেগম আরো অভিযোগ করেন, চলাচলের পথ বন্ধ করার উদ্দেশ্যে রাস্তার ওপর বালুর স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন না এবং নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকে জানান, এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ভুক্তভোগীর পক্ষ থেকে প্রশাসনের কাছে তিনটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো-অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, রাস্তার ওপর রাখা বালুর স্তূপ ও সাইনবোর্ড অপসারণ করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

এ বিষয়ে অভিযুক্ত নূর মো. উজ্জ্বলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।