মঙ্গলবার ২১ জুলাই দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ-এর সভাপতিত্বে দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
প্রথম সভায় নজরুল বর্ষ পালন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণে প্রতিযোগিতা সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিযোগিতার বিষয় নির্ধারণ, অংশগ্রহণকারীদের নির্বাচন, সার্বিক প্রস্তুতি এবং বাস্তবায়ন কৌশল নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
দ্বিতীয় সভায় ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তিমালা, ২০২৬’-এর আওতায় অনুদান প্রাপ্তির জন্য সাংবাদিকদের জমাকৃত আবেদন যাচাই-বাছাই সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাপ্ত আবেদনসমূহ নীতিমালা অনুযায়ী পর্যালোচনা করা হয় এবং স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুপারিশ প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সভায় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান জেলা তথ্য অফিসার পাভেল দাস ও জেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম সভায় সাংস্কৃতিক বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং দ্বিতীয় সভায় সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সবাই।