কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সামিরুল শাহ (৬০) নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশের একটি মাচাং থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সামিরুল শাহ উপজেলার তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিছার উদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে চা দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা সড়কের পাশের একটি মাচাংয়ের ওপর সামিরুল শাহর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহতের শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।